ফেনীতে একটি আবাসিক হোটেলের টয়লেটে গ্যাসের চুলা বসিয়ে চিনি জ্বাল দিয়ে ‘খাঁটি মধু’ তৈরি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরের বড় মসজিদ রোডের হোটেল ট্যুরিস্ট আবাসিকের ছয়তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চক্রটি দুই কেজি আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনি মিশিয়ে ১২ কেজি ভেজাল মধু তৈরি করত। পরে বোতলে ভরে ‘খাঁটি মধু’ নামে বাজারে বিক্রি করা হতো। প্রতিদিন এভাবে ভেজাল মধু তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তাররা।
গ্রেপ্তার চারজনের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। পুলিশের দাবি, চক্রের মূল হোতা মহসিন জানিয়েছেন, তাদের সঙ্গে মোট ৩৮ জন সদস্য জড়িত। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















