নির্বাচনি জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে—সম্প্রতি এমন বিধান সংযোজন নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে বিএনপি। তারা গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশ্লিষ্ট ধারা আগের মতো রাখার দাবি তুলেছে। তবে বিএনপির এই অবস্থানকে ‘অশনি সংকেত’ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটি আরপিও সংশোধনের পক্ষে মত জানিয়ে বলেছে, জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আরপিও সম্প্রতি উপদেষ্টা পরিষদে যে সংশোধন হয়েছে, তার অন্যতম অংশ হলো—প্রত্যেকটি রাজনৈতিক দল তার নির্ধারিত প্রতীকেই নির্বাচন করবে। আমরা এই প্রস্তাব মেনে নিয়েছি। কিন্তু তারা (বিএনপি) এর বিরুদ্ধে ইসিতে আপত্তি জানিয়েছে, যা খুবই দুঃখজনক।”

তিনি আরও বলেন, “নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও সুপারিশ করেছিল যে জোট হতে পারবে, তবে প্রতীক হবে প্রতিটি দলের নিজস্ব। অন্য দলের প্রতীক ব্যবহার করা যাবে না। এটা উপদেষ্টা পরিষদে অনুমোদনও পেয়েছে। কিন্তু একটি দল এসে পুনরায় এটি পরিবর্তনের দাবি তুলেছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নীতির পরিপন্থী।”