পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, জুলাইয়ের ছাত্র-জনতা হত্যা এবং শহীদ শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে ঢাকার আশুলিয়ায় ‘শহীদী মিছিল’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় ‘অদম্য ২৪’-এর আয়োজনে এই বিক্ষোভ ও শহীদী মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করে বলা হয়- খুনিদের সাথে কোনো আপস করা হলে ফের রাজপথে ফয়সালা হবে।
মিছিল শেষে সমাবেশে দেওয়া এক বক্তব্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, আজকে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। আমাদের ভাইদের যখন পোড়ানো হচ্ছিল, তখন পর্যন্ত তারা জীবিত ছিল। জীবন্ত মানুষ পোড়ানোর এই যন্ত্রণাদায়ক দৃশ্য আশুলিয়াবাসী তাদের স্বচক্ষে দেখেছে। শুধুমাত্র আশুলিয়ার এই ঘটনার বিচার করা হলে আওয়ামী লীগ আর জীবনেও রাজনীতি করার অধিকার রাখে না।
তিনি আরও বলেন, জুলাইয়ের সাথে বিএনপি আপস করতে পারে। জামায়াত তার কর্মীদের রক্তের সাথে বেইমানি করে খুনি লীগের সাথে আপস করতে পারে। এনসিপি তার নিজস্ব দল গোছানোর জন্য খুনি লীগের সাথে আপস করতে পারে। কিন্তু আমরা তো সেই শহীদের সহযোদ্ধা, যিনি বলে গিয়েছেন ‘জান দেবো তবুও জুলাই দেবো না’। আমরা যতদিন বেঁচে আছি, আল্লাহ যতদিন আমাদের হায়াতে রাখবেন, এই জমিনে ইনশাআল্লাহ জুলাইয়ের চেতনা হারাতে দেব না।
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে আপনারা শহীদ ওসমান হাদীর হত্যার বিচার করবেন বলে আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু আজ সাত মাস পেরিয়ে আট মাসে পড়ছে, আজ পর্যন্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারেননি- এটি এই সরকারের বড় ব্যর্থতা। আগামী ১৮ ডিসেম্বরের পূর্বে প্রত্যক্ষ খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে নতুন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। নয়তো অন্য কোনো পথে, অন্য কোনো পন্থায় আপনাদের সাথে আবারও আমাদের রাজপথে দেখা হবে।

ডেস্ক রিপোর্ট 


















