শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিতে এসে বাদশা মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মালিহা নুঝাত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাদশা মিয়া উপজেলার উরফা দক্ষিণপাড়া এলাকার মৃত ছফর উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ও পেশায় কৃষক ছিলেন।
নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান জানান, বাদশা মিয়া দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় মিছিল যোগে অংশ নেন তিনি। অনুষ্ঠানে হঠাৎ অসুস্থতা অনুভব করায় সভাস্থল ত্যাগ করে কাচারি মসজিদ এলাকায় রাস্তায় পড়ে যান। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা উপজেলা বিএনপির নেতা ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক এনামুল হক রিপন বলেন, বাদশা মিয়া উরফা ইউনিয়ন যুবদলের নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তার মৃত্যুতে নকলা যুবদল অপূরণীয় ক্ষতির মুখে পড়লো।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

