ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচন তপশিল ঘোষণা। এমন গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিশেষ করে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–ঘনিষ্ঠ আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। ফলে এই দুই উপদেষ্টার ভবিষ্যৎ নিয়ে রাজধানী থেকে গ্রাম—সবখানেই চলছে আলোচনা।
অন্তর্বর্তী সরকার ও এনসিপির দায়িত্বশীল সূত্রগুলোর বরাতে জানা গেছে—দুই উপদেষ্টাই পদত্যাগের বিষয়ে ইতিবাচক। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা পদত্যাগপত্র জমা দিতে পারেন। পাশাপাশি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও তারা আগ্রহী বলে তথ্য মিলেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বর্তমানে সরকারটির ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন দুজন ছাত্র প্রতিনিধি। তাদের একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার ও ক্রীড়া—উভয় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। অন্যদিকে মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে তথ্য উপদেষ্টার দায়িত্ব পান।
এর আগে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামও ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা ছিলেন। তিনি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করে এনসিপির নেতৃত্বে যোগ দেন। এখন তার পথেই হাঁটতে পারেন দুই ছাত্র উপদেষ্টা—এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।

