জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় সদস্যদের সমালোচনার জবাব দিতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, “রুমিন ফারহানা যদি আমার বক্তব্য আরও মনোযোগ দিয়ে শুনতেন, তাহলে আমি খুব কৃতার্থ হতাম।”
এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সংবাদমাধ্যমের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন। তিনি বলেন, দেশে খুন, ছিনতাই, ডাকাতি, অপহরণ এবং নারী-শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় খুন, ডাকাতি ও নারী-শিশু নির্যাতনসহ বেশ কয়েকটি অপরাধের চিত্রে ঐতিহাসিক উন্নতি হয়েছে। তবে ধর্ষণের মামলার সংখ্যা কিছুটা বেড়েছে বলেও স্বীকার করেন তিনি।
সালাহউদ্দিন আহমদের ভাষ্য, আগে নানা সামাজিক ও রাজনৈতিক বাধার কারণে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারতেন না। এখন সরাসরি থানায় বা অনলাইনে অভিযোগ করার সুযোগ থাকায় মামলা নিবন্ধনের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















