ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষের জেরে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে শুক্রবার নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তাৎক্ষণিকভাবে নুরকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় গণধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমদ খান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবিব, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মেসবাহ উদ্দিন প্রমুখ।

