ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ (৭৫)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে ভালুকা মডেল থানা ভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ উপজেলার বাশিল গ্রামের বাসিন্দা। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “আবুল কালাম আজাদ গণজাগরণ মঞ্চের পাশাপাশি আওয়ামী লীগেরও কর্মী। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তিনি জানাননি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের পিস্তলের লাইসেন্স নবায়নের জন্য থানায় আসেন। খবর পেয়ে সেখানে যান স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এবং তার গ্রেপ্তারের দাবি জানান।

ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, “আমাদের নেতারা নির্দোষ ছিলেন। তাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করেছে। তাই ওই দোসরকে গ্রেপ্তার করেছে পুলিশ।”