বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দল জুলাই সনদের স্বাক্ষর করে আজ আবার তার বিপক্ষেই অবস্থান নিয়েছে। তিনি বলেন, “কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার লাকসামে এনসিপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আমাদের নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ভাই আজ বলেছেন, স্বাক্ষর করার পরে বিএনপি আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি না-ই করবেন, তাহলে কাবিনে সিগনেচার কেন করলেন? সংসার যদি না করতে চান, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে থাকা চলবে না।”

তিনি আরও মন্তব্য করেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসঙ্গে লড়াই করেছেন, তারা এখন আমাদের তরুণ দলকে ছোট বলে মন্তব্য করেন। কিন্তু আমরা বলব, প্রবীণ প্রজন্ম স্বাধীনতার চেতনা ঠিকভাবে ধারণ করতে না পারায় আমাদের মতো নতুন রাজনৈতিক প্রজন্মের উদ্ভব ঘটেছে।”

এনসিপির এই নেতা বলেন, “সংস্কারের বিপক্ষে যারা ‘না’-এর অবস্থান নিয়েছে, তাদের চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিপক্ষে ও জনগণের ভোটাধিকারের বিপক্ষেও অবস্থান নেবে।”

এর আগে তিনি লাকসাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করেন এবং স্থানীয় সড়কে লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।