জুলাই সনদ বাস্তবায়ন করে নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সম্মানে আয়োজিত এ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন,
“স্বাধীনতার পর যারা দেশ চালিয়েছে, তারা হিন্দুদের ব্যবহার করেছে শুধু নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য। এখন সময় এসেছে হিন্দুদের প্রকৃত উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির — আর সেটি সম্ভব ইসলামী সরকারের অধীনে।”
তিনি আরও বলেন,
“দাঁড়িপাল্লার জোয়ার দেখে যারা হিন্দুদের ভয় দেখাচ্ছে, তাদের হুমকিতে কেউ ভীত হবে না। হিন্দুদের ওপর কেউ আঘাত করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।”
জামায়াত নেতা অভিযোগ করেন, গত ৫৪ বছরে বিভিন্ন সরকার মাস্তান, দখলদার ও চাঁদাবাজদের মাধ্যমে হিন্দুদের শোষণ করেছে।
তিনি প্রতিশ্রুতি দেন,
“জামায়াত ক্ষমতায় এলে দেশ থেকে সন্ত্রাস, দখলদার ও চাঁদাবাজদের দাফন করা হবে। জনগণ এখন পরিবর্তন চায় — সেই পরিবর্তন আনবে জামায়াত।”
তিনি বলেন,
“লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি — এখন সময় জামায়াতের দাঁড়িপাল্লার।”
সভায় উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল পরিচালনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল খায়ের, প্রমথ গাইন ও শোভনা দেবী।
সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

