গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, “যারা বলে বিএনপি যা বলে আমরা তা চাই—তাদের চেয়ে ব্যাক্কল, আহাম্মক ও অকৃতজ্ঞ আর কেউ নেই।”
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে চলমান সমালোচনার প্রসঙ্গ টেনে নূর বলেন, “আমরা দীর্ঘদিন লাঞ্চিত, নির্যাতিত, মার খেয়েছি। এখন যদি কেউ বলে আমরা সংস্কারের পক্ষে না, বিএনপি যা বলে তাই চাই—তাহলে এরা সমাজের সবচেয়ে ব্যাক্কল, আহাম্মক ও অকৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে একটি শ্রেণী পরিকল্পিতভাবে কালেকটিভ ক্যাম্পেইন করছে।”
গণভোট ও নির্বাচন ইস্যুতে নূর বলেন, “আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে না হলেও জানুয়ারিতেই নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি এ বিষয়ে নির্বাচন কমিশনকে দিকনির্দেশনা দেবেন বলে আমরা আশা করি। কিন্তু কিছু মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনগণকে বিভ্রান্ত করছে—গণভোটের কথা বলে অনিশ্চয়তা তৈরি করছে। এটা ব্যক্তিগত স্বার্থের খেলা ছাড়া কিছু নয়।”
বিএনপির কিছু নেতাকর্মীর আচরণের সমালোচনা করে নূর বলেন, “যদি আমাদের মতো মিত্র দলগুলোর সমাবেশে বাধা দেওয়া হয় বা নেতাদের অবরুদ্ধ করা হয়, তাহলে এটি বিএনপির জন্য আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা পাঠাবে। আমরা চাই বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল সহনশীলতা বজায় রাখুক।”
জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাইফুল হকসহ আরও অনেকে বক্তব্য দেন।

