আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার দুপুরে পিরোজপুরে সংগঠনটির জেলা নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

হাসনাত বলেন, “গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। তবে এর আগেই গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে, এবং সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয়, বরং প্রধান উপদেষ্টাকেই জারি করতে হবে।”

তিনি আরও বলেন, যারা মৌলিক সংস্কারের পক্ষে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাঁ’ প্রচারণা চালাচ্ছে, আর যারা সংস্কার চায় না তারা ‘না’ বলছে। তবে এনসিপি সরাসরি গণভোটের আদেশ চাচ্ছে।

বিএনপি ও জামায়াতের সঙ্গে দূরত্ব প্রসঙ্গে হাসনাত জানান, “যারা সংস্কারের বিপক্ষে থাকবে, তাদের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হবেই। এনসিপি কোনো জোটে যাবে কি না, সেটা সময়ই বলে দেবে।”

আওয়ামী লীগকে ‘অতীত অধ্যায়’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে। তারা না থাকায়ই এখন রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে আলোচনা করতে পারছে। আওয়ামী লীগের পুনর্বাসন বা সমঝোতা এনসিপির কাছে সম্পূর্ণ অবাঞ্চিত।”

বিএনপি ও জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, “তারা আওয়ামী লীগের সঙ্গে ব্যাকডোর সমঝোতার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। জনগণই নির্ধারণ করবে তাদেরকে ভোট দেবে কি না।”

প্রতীক সংক্রান্ত নীতিমালার বিষয়ে হাসনাত অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশনের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। তারা ইচ্ছেমতো প্রতীক অন্তর্ভুক্ত করছে। এ বিষয়ে একটি স্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির পিরোজপুর জেলা প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন এবং বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।