বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত কেন্দ্রীয় কমিটির পর এবার জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেলে স্থান না পাওয়া তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. সাইফুল্লাহ। তবে এ কমিটিতে বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদেরকে রাখা হয়নি।

শুক্রবার (৩১ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটি অনুমোদিত হলো।”

এর আগে পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত হয় জাতীয় ছাত্রশক্তির ৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। সেখানে সভাপতি হয়েছেন বাগছাসের সদস্যসচিব জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম (উত্তরাঞ্চল) ও মহির আলম (দক্ষিণাঞ্চল)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে দলীয় প্যানেলে স্থান না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। নির্বাচনে তিনি বাগছাসের অন্যান্য প্রার্থীদের চেয়ে বেশি ভোট পেয়েছিলেন।