বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটি অনুমোদিত হলো।

তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী। তিনি একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যোগদানের বিষয়টি তিনি জানান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাগছাসের প্যানেলে স্থান না পেয়ে স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহমিদ। নির্বাচনে তিনি বাগছাসের মনোনীত প্রার্থীদের তুলনায় বেশি ভোট পান।

এর আগে, জাতীয় ছাত্রশক্তির ৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।