এবার প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগার ঘটনা মীমাংসার সময় থানা পুলিশের কথা শুনে কনস্টেবলসহ অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক অটোচালককে আটক করা হয়েছে। পরে বিষয়টি মীমাংসা করে ওই অটোচালককে ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অটোরিকশা ছিনতাই’ শিরোনামে যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেই তথ্য সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা জানান, ২২ জুলাই সন্ধ্যায় রাজধানীর ৩০০ ফিট সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। পরবর্তীতে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল ও সার্জেন্ট রোকন সেই গাড়ি দুটি আটক করে মীমাংসার চেষ্টা করেন। সে সময় কনস্টেবল গাড়ির ভেতরেই ছিলেন। এ ঘটনার এক পর্যায়ে থানায় ফোন করেন সার্জেন্ট রোকন।
তিনি জানান, থানা পুলিশে কল দেয়া দেখে অটোরিকশা চালক লিটন কনস্টেবলকে নিয়েই অটোরিকশা চালিয়ে পালানোর চেষ্টা করেন। তবে কিছুদূর গিয়ে অটোরিকশা চালককে আটক করেন সার্জেন্ট রোকন। পরে থানা পুলিশ এসে পাশের ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যায় লিটনকে। লিটন দাবি করেন, পুলিশের কথা শুনে ভয়ে পালানোর চেষ্টা করেন তিনি।
তিনি আরও জানান, পরে সেই প্রাইভেটকার চালক লিখিত কোনো অভিযোগ না দেয়ায় পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে অটোরিকশা চালক লিটনকে ছেড়ে দেয়া হয়। সোহেল রানা বলেন, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ব্যক্তি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সঠিক নয়।

ডেস্ক রিপোর্ট 



















