প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সোমবার নিউইয়র্কে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস জানান, কে কার হয়ে কাজ করছে তা স্পষ্ট না হলেও প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী দেশে ও বিদেশে রয়েছে। তিনি বলেন, আগামী কয়েক মাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার সব ধরনের ষড়যন্ত্র সত্ত্বেও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো আগামী অক্টোবরের মধ্যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে, যেখানে সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। সংস্কার প্রক্রিয়া ধরে রাখতে সংসদ বসার পরও রাজনৈতিক দলগুলোর ওপর চাপ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রচারাভিযান চালানো হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এর মাধ্যমে জনগণকে ভোটদানের পদ্ধতি বিস্তারিত শেখানো হবে।
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জটিলতা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানান, যাতে তারা বিষয়টি নিয়ে সোচ্চার হয়। তিনি বলেন, ব্যাংকগুলো যেন চুরি করা সম্পদ আশ্রয় না দেয়, সে বিষয়ে চাপ সৃষ্টি করা জরুরি।

ডেস্ক রিপোর্ট 

























