ধর্ষণের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রশাসন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ও আহসানউল্লাহ হলের আবাসিক ছাত্র শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে শিক্ষার্থীরা ছাত্রকল্যাণ পরিদপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার ও স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। রাত সাড়ে ১২টার দিকে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে ঘোষণা দেন যে, শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, বুধবার উপাচার্যের সঙ্গে বৈঠক করে অভিযুক্ত শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এছাড়া মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ছাত্রকল্যাণ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং মামলার কার্যক্রম চলছে।

ডেস্ক রিপোর্ট 
























