বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
চিঠিতে শেহবাজ শরীফ জানান, বেগম জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবরে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানের জনগণ, সরকার এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে বেগম জিয়ার সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানান তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লেখেন, বাংলাদেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ককে আরও দৃঢ় করতে তাঁর ভূমিকা বিশেষভাবে মূল্যায়নযোগ্য।
চিঠির শেষে শেহবাজ শরীফ সর্বশক্তিমান আল্লাহর নিকট বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন, যাতে তিনি তাঁর দল ও দেশের জন্য দিকনির্দেশনামূলক ভূমিকা অব্যাহত রাখতে পারেন। একই সঙ্গে তিনি বেগম জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ডেস্ক রিপোর্ট 
























