গত আড়াই মাসে বিএনপি যতটুকু উন্নয়ন করেছে এটা গত ১৭ বছরেও হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। গতকাল মঙ্গলবার (৫ মে) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরন বিবি–কাদিরপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, বিগত ১৭ বছরে যে উন্নয়ন হয়েছে, তার চেয়েও বেশি দৃশ্যমান উন্নয়ন বর্তমান সরকারের আড়াই মাসেই হয়েছে। জিয়াউর রহমান বিনা শ্রমে খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, আর এখন তারই ধারাবাহিকতায় তার সন্তানও খাল খননের কাজ এগিয়ে নিচ্ছেন। এতে করে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
বুলু আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি কামাখ্যা চন্দ দাসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মী।

ডেস্ক রিপোর্ট 























