ইরানকে আবারও নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তারা ইতোমধ্যে ‘শেষ’ হয়ে গেছে। চলমান সংঘাতের অবসান ঘটাতে তেহরানকে হয় ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো সম্পূর্ণ নিশ্চিহ্নের মুখোমুখি হতে হবে।
শুক্রবার (১৫ মে) তিন দিনের চীন সফরের শেষ দিনে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন যে, ইরানের ব্যাপারে তিনি আর বেশি ধৈর্য ধরবেন না। একইসঙ্গে তিনি তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। এ-ও ইঙ্গিত দেন যে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধারের প্রচেষ্টাটি নিরাপত্তার চেয়ে ধারণাগত বিষয়ই বেশি।
ট্রাম্প উল্লেখ করেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি দেখতে চান। শি সাহায্যের প্রস্তাব দিয়ে বলেছেন, ‘আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে আমি সাহায্য করতে চাই।’ ট্রাম্প এই বিশ্বাসও প্রকাশ করেন যে, চীনও চায় না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক।
এ ছাড়াও ট্রাম্প উল্লেখ করেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মাত্র ‘চার বা পাঁচ মিনিটের’ মধ্যেই ইরানের খারগ দ্বীপকে চূড়ান্তভাবে নিষ্ক্রিয় করে দিতে পারে।
এদিকে চীন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ইরান তার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকগুলোর একটি বড় অংশ অক্ষুণ্ন রেখেছে বলে প্রকাশিত প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন।
ট্রাম্প বলেন, আমরা তাদের পিনিয়েটার মতো মারছিলাম। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্রগুলো মূলত সরিয়ে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে ফিরে যায়, তাহলে তাদের কাছে থাকা বাকি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপগুলোও দ্রুত ‘ধ্বংস করে দেওয়া হবে’।
ইরানের সঙ্গে সংঘাতে অন্যান্য দেশের অনুরোধে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি আসলে এর পক্ষে থাকতাম না, কিন্তু আমরা পাকিস্তানের প্রতি অনুগ্রহ করে এটা করেছি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে হয়তো ইরানে ফিরে গিয়ে ‘কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ’ করতে হতে পারে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
তিনি আরও বলেন, ‘আমরা তাদের সশস্ত্র বাহিনীকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছি। আমাদের হয়তো কিছু পরিচ্ছন্নতার কাজ করতে হতে পারে, কারণ আমরা এক মাসব্যাপী একটি যুদ্ধবিরতিতে ছিলাম, যাকে বোধহয় আপনারা তাই বলেন।
সূত্র: ফক্স নিউজ, আলজাজিরা

ডেস্ক রিপোর্ট 



















