ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের একাধিক শীর্ষ কর্মকর্তার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের অভিযোগ সামনে এসেছে। সর্বশেষ এই তালিকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের নাম উঠে এসেছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
শুক্রবার (১৫ মে) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ চলাকালীন সময়ে জেনারেল ইয়াল জামির আরও দুইজন সামরিক কর্মকর্তাকে নিয়ে ইউএই সফর করেন এবং সেখানে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এমনকি ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও তার সাক্ষাতের তথ্য রয়েছে বলে জানানো হয়েছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
এর আগে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মোসাদ প্রধান ডেভিড বারনিয়া এবং শিন বেত প্রধান ডেভিড জিনিরও যুদ্ধকালীন সময়ে ইউএই সফরের খবর প্রকাশিত হয়েছিল।
সাম্প্রতিক এই তথ্য প্রকাশের পর ইউএই কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ‘গোপন সফরের’ অভিযোগ অস্বীকার করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের মতে, দুই দেশের সম্পর্ক ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডস অনুযায়ী স্বচ্ছ ও আনুষ্ঠানিকভাবে পরিচালিত হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 


















