টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনকে (রাবন) বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই তরুণী।
শুক্রবার (১৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ পরিপন্থি নানা কারণে দুলাল হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম সরকার মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে বহিষ্কারের এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
মামলার বিবরণ ও ধর্ষণের শিকার ওই তরুণীর (২২) সঙ্গে আলাপ করে জানা যায়, গত ১ এপ্রিল ও ১ ফেব্রুয়ারি দুই দফা তিনি ধর্ষণের শিকার হন। প্রথম দিন ধর্ষণের দৃশ্য দুলালের সহযোগী উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদ মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
এরপর গত ৩ এপ্রিল ওই তরুণী গোপালপুর থানায় মামলা করতে যান কিন্তু পুলিশ তখন মামলা নেয়নি। পরে ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে গোপালপুর থানা পুলিশ গত ১৫ এপ্রিল মামলাটি রেকর্ড করেন।
যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র নাটোর, মহাসড়ক অবরোধ
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

ডেস্ক রিপোর্ট 


















