ভারতের গুজরাট রাজ্যের মোরবি এলাকায় মাত্র ২ হাজার রুপি বাড়িভাড়া পরিশোধ করতে না পেরে স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নির্যাতনের সুযোগ করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বাড়িওয়ালাকেও।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV–এর প্রতিবেদনে বলা হয়, পরিবারটি মূলত গুজরাটের সুরেন্দ্রনগর এলাকার বাসিন্দা। জীবিকার সন্ধানে প্রায় ছয় মাস আগে তারা মোরবিতে এসে মাসিক ২ হাজার রুপিতে একটি বাসা ভাড়া নেয়। তবে দীর্ঘদিন আর্থিক সংকটের কারণে টানা চার মাসের ভাড়া বকেয়া পড়ে যায়।
অভিযোগ অনুযায়ী, বকেয়া ভাড়ার বিনিময়ে বাড়িওয়ালার সঙ্গে এক ভয়াবহ সমঝোতায় জড়ান ওই ব্যক্তি। এর মাধ্যমে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নির্যাতনের সুযোগ করে দেন তিনি।
ঘটনার বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারীর মা গুজরাট পুলিশ-এর কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনে মামলা করে পুলিশ।
মোরবির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ জে এম লাল বলেন, ভুক্তভোগী নারীর স্বামী এবং বাড়িওয়ালা পরিকল্পিতভাবে এই নির্যাতনের সঙ্গে জড়িত। ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আরও একজনকে খুঁজছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট 























