মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং হরমুজ প্রণালি উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। তবে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্যকে সত্য ও মিথ্যার মিশ্রণ বলে দাবি করেছে ইরান।
শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য চুক্তির কয়েকটি শর্ত তুলে ধরেন ট্রাম্প।
তার শর্ত অনুযায়ী, ইরানকে কখনও পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়া উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। প্রণালিতে যদি কোনো মাইন থেকে থাকে, সেগুলোও দ্রুত সরিয়ে ফেলতে হবে বলে জানান তিনি।
ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে অনেক মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। ফলে বর্তমানে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবে।
এছাড়া প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতায় উদ্ধার করে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র বলেও দাবি করেন ট্রাম্প।
তবে ট্রাম্পের এই বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানায় ইরানের সংবাদ সংস্থা ফার্স। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংস্থাটি দাবি করে, ট্রাম্প চুক্তির গুরুত্বপূর্ণ অংশ বিকৃতভাবে তুলে ধরেছেন, যাতে তিনি একটি ভুয়া বিজয় দেখাতে পারেন।
ইরানি সূত্রগুলোর দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে টোলমুক্ত চলাচলের বিষয়টিও খসড়া চুক্তিতে নেই বলে জানানো হয়।
তেহরানের অভিযোগ, ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেওয়া এবং লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেননি।
সূত্র : আল জাজিরা

ডেস্ক রিপোর্ট 


















