ইংল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ব্রিটিশ নৌবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়্যাল নেভির এক মুখপাত্র জানান, বুধবার (৩ জুন) স্থানীয় সময় ভোর প্রায় ৪টার দিকে ডেভন কাউন্টির সাওরটন গ্রামের কাছে একটি প্রশিক্ষণ মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে ‘গভীর শোকের’ সঙ্গে এ খবর নিশ্চিত করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, ‘এই দুঃখজনক সময়ে নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।’
সম্প্রচারমাধ্যম স্কাই নিউজের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুর্ঘটনাস্থলে স্থানীয় পুলিশ উপস্থিত রয়েছে। পুলিশের এক মুখপাত্র জানান, ‘ঘটনার তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম চলমান রয়েছে। নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা আরও হালনাগাদ তথ্য প্রকাশ করব।’
নৌবাহিনীর প্রধান জেনারেল গুইন জেনকিন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এই দুর্ঘটনাকে ঘিরে এখন পর্যন্ত খুব কম তথ্য সংবাদমাধ্যমে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারের অনুরোধে একটি নির্দিষ্ট সময়ের পর আরও তথ্য প্রকাশ করা হবে।
ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, ‘পরিবারগুলোর জন্য এটি অত্যন্ত উদ্বেগ ও দুশ্চিন্তার সময়। যত দ্রুত সম্ভব আরও তথ্য প্রকাশ করা হবে।’
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে তার কাছাকাছি বেশ কয়েকটি নৌঘাঁটি অবস্থিত। এর মধ্যে রয়েছে এইচএমএনবি ডেভনপোর্ট, যা পশ্চিম ইউরোপের বৃহত্তম নৌঘাঁটি হিসেবে পরিচিত।

ডেস্ক রিপোর্ট 


















