এবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এ মিসাইলের জেরে তেলআবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে।
ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইল প্রতিহতে কাজ করছে তারা। গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে। এরপর আজ সোমবার (৮ জুন) সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।
এর কয়েক ঘণ্টা পরই ইয়েমেন থেকে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল থেকে ইয়েমেনের অনেক দূরত্ব থাকা সত্ত্বেও হুতিরা সেখান থেকেই মিসাইল হামলা চালায়।
ইসরায়েলের হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি প্রতিহত করা হয়েছে এবং এ ঘটনায় কেউ আহত হননি। তবে এক ব্যক্তি আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আঘাত পান। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

ডেস্ক রিপোর্ট 






















