এবার ঢাকায় সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মো. আবু জুবায়ের নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু–বান্ধব ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আবু জুবায়ের রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একজন পরিচিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও বিতার্কিক হিসেবেও পরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল।
বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাট এলাকার বাসিন্দা এবং ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনে নিহত সালাউদ্দিনের ছোট ভাই জুবায়ের। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় জমে। বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শিক্ষাজীবনে আবু জুবায়ের পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। মেধাবী ও ভদ্রস্বভাবের শিক্ষার্থী হিসেবে তিনি শিক্ষক ও সহপাঠীদের কাছে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই আবিদ জানান, জোবায়ের মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খালার বাসায় থেকে লেখাপড়া করতেন। সোমবার রাতে তিনি আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রিকশাযোগে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে বাংলাদেশ ইউনিভার্সিটির নিকট দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে অন্য দুইজন সামান্য আহত হলেও জোবায়ের গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আবু জোবায়েরকে মৃত ঘোষণা করেন।

ডেস্ক রিপোর্ট 























