দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলার পাশাপাশি ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পয়েন্ট আদায় করে নিল দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের তৃতীয় ম্যাচটি ড্র হয়েছে ১-১ সমতায়।
এই ম্যাচেই চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গোলের রেকর্ড গড়েছে চেক প্রজাতন্ত্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা শুরুর দিকেই জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন মিখাল সাদিলেক। ষষ্ঠ মিনিটেই আসে গোলটি। ডান প্রান্ত থেকে ছোড়া একটি লম্বা থ্রো সংগ্রহ করে বল নিয়ন্ত্রণে নেন আদাম হ্লোজেক। এরপর ডি-বক্সের ভেতরে থাকা সতীর্থের কাছে বল বাড়িয়ে দেন তিনি।
সেখানে তোমাশ সোইচেকের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস আদান-প্রদানের পর নিচু শটে বল জালে জড়ান সাদিলেক। তার গোলে শুরুতেই লিড পায় চেকরা। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় চেক প্রজাতন্ত্র।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। একের পর এক সুযোগ আসলেও তা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় তারা। তবে ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন তেবোহো মোকোয়েনা।
এই ড্রয়ের ফলে গ্রুপের লড়াই আরও জমে উঠেছে। এখন মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচে যদি কোনো দল জয় পায়, তাহলে তারাই হবে বিশ্বকাপের শেষ ৩২ বা নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা প্রথম দল। অপরদিকে, চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকে থাকলেও তা নির্ভর করবে শেষ ম্যাচের ফলের পাশাপাশি আরও অনেক সমীকরণেও।

ডেস্ক রিপোর্ট 
























