যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তি বাস্তবায়িত হলে তেহরানের জন্য আবারও উন্মুক্ত হতে পারে আন্তর্জাতিক তেল ও জ্বালানি বাজার। এমন তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগের উৎপাদন সক্ষমতা এবং বর্তমান বৈশ্বিক বাজারদর বিবেচনায় ইরান তেল রপ্তানি থেকে বছরে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি আয় করতে পারে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি তৈরি হলে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যে থাকা দেশটির অর্থনীতিতে নতুন গতি ফিরতে পারে।
একই সঙ্গে সম্ভাব্য চুক্তির আগাম ইঙ্গিতও দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েকটি ইরানি তেলবাহী ট্যাংকার ইতোমধ্যে বন্দর ছেড়ে আন্তর্জাতিক গন্তব্যে যাত্রা শুরু করেছে। এমনকি চলতি সপ্তাহে এসব ট্যাংকারের কিছু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ রেখা অতিক্রম করেছে বলেও দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, এসব পদক্ষেপ ইরানের তেল রপ্তানি পুনরায় সক্রিয় হওয়ার প্রাথমিক সংকেত হতে পারে। যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে ইরানের অবস্থান আবারও শক্তিশালী হতে পারে। পাশাপাশি দেশটির অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























