বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয়ের ম্যাচে দুটি গোল যোগ করে দীর্ঘদিনের এই রেকর্ড নিজেদের করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ব্রাজিলের দখলে। তবে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় তুলে নিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠে যায় জার্মানি। এরপর থেকেই দুই ফুটবল পরাশক্তির মধ্যে রেকর্ড দখলের লড়াই শুরু হয়।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হাইতির বিপক্ষে ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলে ব্রাজিলের বিশ্বকাপে মোট গোলসংখ্যা দাঁড়ায় ২৪১। ফলে ২৩৯ গোল নিয়ে থাকা জার্মানিকে পেছনে ফেলে আবারও তালিকার শীর্ষে উঠে আসে সেলেসাওরা।
চলমান বিশ্বকাপে এই রেকর্ড নিয়ে ব্রাজিল ও জার্মানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠতে পারে। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে দুই দলের ব্যবধান এখনো বেশ বড়। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫।
বর্তমানে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকায় ব্রাজিল ও জার্মানির পর রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইতালি, স্পেন, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, উরুগুয়ে এবং হাঙ্গেরি।
বিশ্বকাপের মঞ্চে শুধু শিরোপার লড়াই নয়, ইতিহাসের পাতায় নিজেদের অবস্থান আরও শক্ত করার দৌড়েও যে ব্রাজিল ও জার্মানি একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী, সেটিই আবারও প্রমাণ হলো এই রেকর্ডে।

ডেস্ক রিপোর্ট 





















