কন্নড় সিনেমার জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং ‘বিগ বস কন্নড়’র সাবেক প্রতিযোগী কৃষি থাপান্ডার ব্যাঙ্গালোরের ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি দীর্ঘদিন ধরে বিষণ্নতায়ও ভুগছিলেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঘটেছে এ ঘটনা। ঘটনার সময় অভিনেত্রী ইয়েলাহাঙ্কায় ছিলেন। মৃতের নাম বৈশাখ বলে শনাক্ত করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে তিনি অভিনেত্রীর ফ্ল্যাটে অবস্থান করছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, ব্যবসায়ী বৈশাখ বিষণ্নতার জন্য চিকিৎসা নিচ্ছিলেন। কিছু ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার মুখে পড়েছিলেন। তদন্ত কর্মকর্তারা জানতে পেরেছেন, মাঝে মধ্যে কলহ হওয়ার কারণে প্রায় এক মাস ধরে স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন তিনি।
এর আগে ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডির সঙ্গে জড়িত একটি হাই-প্রোফাইল চাঁদাবাজি এবং হুমকিমূলক চিঠির মামলায় পুলিশের নজরদারিতেও ছিলেন বৈশাখ। গত ফেব্রুয়ারিতে কুরিয়ারের মাধ্যমে রেড্ডিকে ৬-৭ কোটি টাকা অর্থ দাবি করে এবং ক্ষমা চাওয়ার আহ্বান করে একটি হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছিল।
তদন্তের সময় এইচএএল থানার পুলিশ বৈশাখকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি ছিল―এক নারীর সঙ্গে সম্পর্কিত বিরোধের কারণে ওই চিঠি পাঠিয়েছিলেন তিনি। পরবর্তীতে মুক্তি পেয়েছিলেন এ ব্যবসায়ী।
গত ৬ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্ট বৈশাখের বিরুদ্ধে চলমান পরবর্তী তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করে। এর আগে এইচএএল থানার পুলিশ তাকে হেফাজতে নিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদ করেছিল।
এদিকে তার মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ একটি মামলা দায়ের করবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। তবে এই সময়ের মধ্যে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 



















