বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে জাপান। শক্তি, অভিজ্ঞতা ও ইতিহাসে ব্রাজিল এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে বিন্দুমাত্র ভীত নয় জাপান শিবির। বরং নিজেদের সামর্থ্যের ওপর ভরসা রেখে চমক দেখানোর স্বপ্ন দেখছেন দলটির খেলোয়াড়রা।
‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করা জাপানের সামনে এবার গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ২৯ জুন হিউস্টনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। অন্যদিকে, দুটি জয় ও একটি ড্র নিয়ে দারুণ ছন্দে নকআউট পর্বে উঠেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল।
পরিসংখ্যান অবশ্য স্পষ্টভাবেই ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দলের ১৪টি দেখায় ১১ বার জয় পেয়েছে সেলেসাওরা। জাপানের ঝুলিতে আছে মাত্র একটি জয়। তবে সেই জয়টিই এখন জাপানের আত্মবিশ্বাসের বড় উৎস। কারণ, দুই দলের সর্বশেষ সাক্ষাতে ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছিল এশিয়ার প্রতিনিধিরা।
ব্রাজিল ম্যাচকে সামনে রেখে জাপানের স্ট্রাইকার দায়জেন মায়েদা আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে যেকোনো দলকেই হারানো সম্ভব। তার বিশ্বাস, দীর্ঘদিনের প্রস্তুতি, দলীয় সমন্বয় এবং নিজেদের খেলার ধরন মাঠে তুলে ধরতে পারলে ব্রাজিলকেও কঠিন পরীক্ষায় ফেলতে পারবে জাপান।
তবে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সতর্কও রয়েছে দলটি। বিশেষ করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নেইমারকে ঘিরে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো। জাপানের বিপক্ষে নেইমারের দুর্দান্ত গোল করার রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ব্রাজিলের বিপক্ষে সফল হতে হলে দলের সবাইকে শতভাগ উজাড় করে দিতে হবে।
সব মিলিয়ে, ইতিহাস ও পরিসংখ্যান যেখানে ব্রাজিলের পক্ষে, সেখানে আত্মবিশ্বাস ও সাম্প্রতিক স্মৃতিকে শক্তি হিসেবে দেখছে জাপান। আর সেই বিশ্বাস নিয়েই বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে জায়ান্টদের বিপক্ষে আরেকটি অঘটনের স্বপ্ন দেখছে এশিয়ার দলটি।

ডেস্ক রিপোর্ট 























