শেষ বত্রিশের পথে ১৯ দল, বিদায় নিয়েছে ৮টি দল
বিশ্বকাপের গ্রুপ পর্ব ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। ১২টি গ্রুপের মধ্যে ইতোমধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ হয়েছে। আর তাতেই নকআউট পর্বের চিত্র অনেকটাই পরিষ্কার হতে শুরু করেছে।
এ পর্যন্ত রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ১৯টি দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ৮টি দল। বাকি ২১টি দল এখনও লড়াইয়ে আছে, যেখানে অবশিষ্ট ১৩টি জায়গার জন্য চলছে হিসাব-নিকাশ।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল সরাসরি শেষ বত্রিশে জায়গা পাবে। তাদের সঙ্গে যোগ দেবে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আটটি দল। এই হিসাবেই চূড়ান্ত হবে নকআউট পর্বের ৩২টি দল।
আগামী ২৮ জুন থেকে শুরু হবে রাউন্ড অব ৩২-এর লড়াই, যা চলবে ৩ জুলাই পর্যন্ত। এরপর ধাপে ধাপে এগোবে শিরোপার মিশন।
নকআউট পর্বে বিশ্বকাপের প্রচলিত নিয়মই অনুসরণ করা হবে। প্রতিটি ম্যাচ হবে ‘সিঙ্গেল-এলিমিনেশন’ ভিত্তিতে, অর্থাৎ হারলেই বিদায়। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হবে জয়ী দল।
এদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে আটটি দলের। তালিকায় রয়েছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান। প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শেষ পর্যন্ত নকআউটের টিকিট কাটা হয়নি তাদের।
অন্যদিকে ১৯টি দল ইতোমধ্যে শেষ বত্রিশে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি ১৩টি টিকিটের জন্য এখনো জমে উঠেছে গ্রুপ পর্বের শেষ মুহূর্তের লড়াই। ফলে সামনে আরও কয়েকটি ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে নকআউট পর্বের পূর্ণাঙ্গ চিত্র।

ডেস্ক রিপোর্ট 






















