এবার পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় নিহত সেনাসদস্যদের তথ্য গোপনের অভিযোগ উঠেছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। আর এই অভিযোগেই ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলেছে দলটি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতের তথ্য নিয়ে দেশটির সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। মোদি সরকারের দাবি, একবছর আগের ওই সংঘাতে ভারতের ছয় সেনাসদস্য নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং ভারতীয় বিমানবাহিনীর একজন সদস্য রয়েছেন।
এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য অভিযোগ করেন, নিহত ছয় সেনাসদস্যের মৃত্যুর তথ্য গোপন করে সরকার তাদের প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত করেছে। উইং কমান্ডার অনূমা আচার্য দাবি করেন, আগের সরকারগুলো দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো প্রতিটি সেনাসদস্যকে প্রকাশ্যে সম্মান জানিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।
তিনি বলেন, ‘মোদি সরকার সেনাবাহিনী ও সেনাসদস্যদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তারা বারবার দেশ ও সেনাসদস্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ কর্নেল রোহিত চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভোটের সময় সেনাবাহিনীর নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করে। তিনি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেছিলেন, কোনও সেনাসদস্য নিহত হননি। তখন বিজেপির সংসদ সদস্যরা হাততালি দিয়েছিলেন। রাজনাথ সিং দেশের সেনাবাহিনী ও সেনাসদস্যদের অপমান করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।’
একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নিহত সেনাসদস্যদের নাম প্রকাশ করতে সরকারের ১৩ মাস সময় লাগল কেন। কংগ্রেসের দাবি তুলে ধরে কর্নেল রোহিত চৌধুরী বলেন, প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ (ব্রিচ অব প্রিভিলেজ) আনার জন্য দলীয় নেতৃত্বকে অনুরোধ জানানো হবে। প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাত চলাকালে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ছয় সেনাসদস্যের নাম এক বছরেরও বেশি সময় পর সম্প্রতি প্রকাশ করে ভারত। এর আগে ওই সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর হতাহতের খবর বিভিন্ন প্রতিবেদনে এলেও, অপারেশন সিঁদুরে নিহত সেনাসদস্যদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ভারত সরকার।

ডেস্ক রিপোর্ট 






















