দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর এখন ঢাকা। বৈশ্বিক তথ্যভিত্তিক সংস্থা নাম্বিও (Numbeo) প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। একই সঙ্গে নিরাপত্তার দিক থেকেও দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশের রাজধানী।
নাম্বিওর প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২, যা দক্ষিণ এশিয়ার অন্য সব বড় শহরের তুলনায় সর্বোচ্চ। অন্যদিকে নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮, যা এ অঞ্চলের শহরগুলোর মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ অপরাধের ঝুঁকি সবচেয়ে বেশি এবং নিরাপত্তার অনুভূতি সবচেয়ে কম ঢাকাতেই।
বৈশ্বিক র্যাংকিংয়ে অপরাধপ্রবণ শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫৯তম। ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর শীর্ষ ১৫ শতাংশের মধ্যেই রয়েছে রাজধানী।
দক্ষিণ এশিয়ার অন্যান্য শহরের তুলনায় ঢাকার চিত্র আরও উদ্বেগজনক। ভারতের ম্যাঙ্গালোর নিরাপত্তা সূচকে ৭৪ দশমিক ৪ এবং পাকিস্তানের ইসলামাবাদ ৬৮ দশমিক ৬ স্কোর নিয়ে তুলনামূলক নিরাপদ শহরের তালিকায় রয়েছে। এমনকি করাচি ও লাহোরও নিরাপত্তার দিক থেকে ঢাকার চেয়ে এগিয়ে।
বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে আবারও শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯।
নাম্বিওর বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকার বাসিন্দারা বিশেষ করে রাতে একা চলাফেরার ক্ষেত্রে নিজেদের নিরাপদ মনে করেন না। চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধের আশঙ্কা তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি।
বিশ্বের বিভিন্ন শহরের জীবনযাত্রার মান, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ট্রাফিক ও আবাসনসংক্রান্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত এ সূচক প্রকাশ করে নাম্বিও। ২০২৬ সালের এই প্রতিবেদনে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের ইঙ্গিত পাওয়া গেছে।

ডেস্ক রিপোর্ট 
























