রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২-এর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) আধুনিক এসসিএডিএ/ইএমএস নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) ও জিই ভারনোভার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) রূপপুরের দুই ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের প্রয়োজনীয় তথ্য এনএলডিসির এসসিএডিএ/ইএমএস ব্যবস্থায় সংযুক্ত করতে চুক্তিটি করা হয়।
চুক্তির আওতায় রূপপুরের দুই ইউনিটের আটটি সঞ্চালন লাইন এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের গুরুত্বপূর্ণ সিগন্যাল ও তথ্য জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ইন্টিগ্রেট করা হবে।
এর ফলে জাতীয় গ্রিড পরিচালনার নিয়ন্ত্রণকেন্দ্র থেকেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য ও সংকেত পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই কারিগরি ইন্টিগ্রেশনের ফলে রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে আরও নির্ভরযোগ্যভাবে সঞ্চালন করা যাবে। পাশাপাশি গ্রিড পরিচালনার সক্ষমতা বাড়বে এবং কেন্দ্রটির কমিশনিং ও পরবর্তী অপারেশনাল কার্যক্রমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে এনএলডিসির এসসিএডিএ/ইএমএস ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কাজ জিই ভারনোভার মাধ্যমে করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় রূপপুরকেও জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করা হয়েছে।
বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ ফুয়েল লোডিং-পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা চলছে। কেন্দ্রটির নির্ধারিত কমিশনিং ও পরবর্তী অপারেশনাল কার্যক্রম সময়মতো বাস্তবায়নে এসসিএডিএ/ইএমএস ইন্টিগ্রেশন দ্রুত সম্পন্ন করা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট 



















