ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে শনিবার কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে দ্বীপটির কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম। তবে এ দাবির বিষয়ে এখনো ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, উপসাগরীয় এলাকা থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ঘটনাস্থলে ধোঁয়ার কোনো চিহ্ন দেখা যায়নি। বিস্ফোরণের উৎসও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে ইরানের নূরনিউজ স্থানীয় সূত্রের বরাতে জানায়, খার্গ দ্বীপের কাছে একটি ইরানি ট্যাংকারে মার্কিন বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার অসমর্থিত খবর পাওয়া গেছে।
অন্যদিকে আসর ইরান দাবি করেছে, মার্কিন বাহিনীর ছোড়া চারটি প্রজেক্টাইল ট্যাংকারটিতে আঘাত করে। হামলার সময় জাহাজটি তেল খালাস করছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
এর আগে গত ৩১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এআই-নির্মিত ভিডিও প্রকাশ করেন। সেখানে খার্গ দ্বীপকে ‘টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে’ বলে দাবি করা হয়েছিল।
ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান।
সূত্র: রয়টার্স

ডেস্ক রিপোর্ট 





















