জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় বেশ কয়েকটি দেশের প্রতিনিধি সভাকক্ষ ত্যাগ করলেও দুই মুসলিম দেশ—বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা নিজেদের আসনে থেকে তার বক্তব্য শুনেছেন।
নেতানিয়াহুর ৪১ মিনিটের বক্তব্যের সময় কতগুলো দেশের আসন খালি ছিল, তা নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশিত হিসাবে ৭৭টি দেশ ও প্রতিনিধি দলের নাম রয়েছে। তবে এ তালিকায় যারা শুরু থেকেই অধিবেশনে অনুপস্থিত ছিলেন এবং যারা বক্তব্য শুরুর সময় সভাকক্ষ ত্যাগ করেছেন—দুই ধরনের ঘটনাই অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় বাংলাদেশ, মিসর, জর্ডান, লেবানন, সিরিয়া, তুরস্ক, সৌদি আরব ও ইরানসহ বিভিন্ন দেশের নাম রয়েছে। পাকিস্তানের প্রতিনিধিরা সভাকক্ষ ত্যাগ করলেও পরে লবিতে অবস্থান করে বক্তব্য পর্যবেক্ষণ করেন বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।
অন্যদিকে, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দল সভাকক্ষেই অবস্থান করে নেতানিয়াহুর বক্তব্য শোনে। দুই দেশই ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে।
নেতানিয়াহুর বক্তব্যকে কেন্দ্র করে জাতিসংঘের অধিবেশনকক্ষে ব্যাপক ওয়াকআউটের ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। তবে কোন দেশ প্রতিবাদ হিসেবে বেরিয়ে গেছে আর কোন দেশের প্রতিনিধি আগে থেকেই অনুপস্থিত ছিলেন—এ দুটির মধ্যে পার্থক্য রয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 





















