তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে নয়, বরং আদালতে—যেখানে তাদের রক্তপাতের জন্য জবাবদিহি করতে হবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে এরদোয়ান এ মন্তব্য করেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
ইস্তাম্বুলে ২৯তম আন্তর্জাতিক বিজনেস ফোরামের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান বলেন, যারা গণহত্যা চালাচ্ছে, তাদের বিচার ও ইতিহাসের কাছে জবাবদিহির আওতায় না আনা হলে একই ধরনের নৃশংসতা আবারো ঘটবে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনগণ একা নয় এবং গাজায় ন্যায়বিচারের জন্য লড়াই করা মানুষদেরও তুরস্ক পরিত্যাগ করেনি।
এরদোয়ানের ভাষায়, ফিলিস্তিনি জনগণ একা বা পরিত্যক্ত নয়। গাজায় আমাদের ভাই-বোনেরা ন্যায়বিচারের সন্ধানে একা নন।
আঞ্চলিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, তুরস্ককে কেন্দ্র করে পুরো অঞ্চল বর্তমানে সংকটের এক পূর্ণাঙ্গ ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা

ডেস্ক রিপোর্ট 


















