ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে পরিবার ও বংশ শেষ করে দেওয়ার হুমকি! এমন ভয়াবহ হুমকি দিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে একাধিক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে ওসির সরকারি মুঠোফোনে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
জিডি সূত্রে জানা যায়, ‘এন এম জামাল’ নামে পরিচয় দেওয়া ওই ব্যক্তি প্রথমে ওসিকে খোঁজখবর নেওয়ার বার্তা পাঠান। পরে দায়িত্ব পালন অব্যাহত রাখলে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দিয়ে তাঁর পরিবার ও বংশ ধ্বংস করে দেওয়ার কথা বলা হয়।
এমনকি ওসিকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকিও দেওয়া হয়। বার্তায় তাঁকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার পাশাপাশি নিজের ও থানার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে বলা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিডিটুয়েন্টিফোর লাইভকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ সদস্যদের নিয়ে টহল দেওয়ার সময় হুমকির বার্তাগুলো পান। তবে এসব হুমকিতে ভয় না পেয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
ওসি আরও বলেন, নম্বরটি দেশের ভেতর থেকে ব্যবহার করা হয়ে থাকতে পারে, তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনাই বেশি। ফলে নম্বরটি শনাক্ত করতে সময় লাগতে পারে।
এদিকে, অজ্ঞাতনামা ব্যক্তির পাঠানো হুমকিমূলক বার্তাগুলোকে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য আশঙ্কাজনক উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছেন ওসি।

