মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য বাংলাদেশ এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ ইসলাম বলেন, মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ আসেনি। তবে দেশের জনগণের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিবেচনায় রেখেই যেকোনো আন্তর্জাতিক জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার উদ্যোগকে কেন্দ্র করে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নিয়ে আলোচনা শুরু হয়। আনুষ্ঠানিক আমন্ত্রণ না এলেও বাংলাদেশ ভবিষ্যতে এতে যুক্ত হতে পারে কি না, তা নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা চলছে।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সম্ভাব্য চুক্তি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই বিস্তারিত বলতে পারবে।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, তার বক্তব্যটি বাংলাদেশের সঙ্গে আগের কোনো চুক্তিকে কেন্দ্র করে হয়ে থাকতে পারে।
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে জোটটিতে যোগ দেওয়া বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে এবং এর ফলে কূটনৈতিক ও নিরাপত্তাগত কী ধরনের প্রভাব পড়তে পারে—তা নিয়েও চলছে আলোচনা-পর্যালোচনা

ডেস্ক রিপোর্ট 






















