আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য ‘গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর মুহূর্ত’ হিসেবে বর্ণনা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, তার দল এবার ‘সংস্কারের পাহারাদার’ হিসেবে নির্বাচনে অংশ নেবে।
সোমবার রাতে বাংলামোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় গ্রেফতার ও কারাভোগের পর দেশে ফিরে আসা ২৪ জনকে স্বাগত জানিয়ে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
প্রবাসে আটক থাকা আন্দোলনকারীদের তিনি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন। নাহিদ বলেন, সরকারের উচিত ছিল আরও আগে এসব প্রবাসী আন্দোলনকারীর মুক্তির ব্যবস্থা করা। তাদের মর্যাদা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
তিনি জানান, এনসিপির দাবির ভিত্তিতে প্রবাসীদের পোস্টাল ভোটের সুযোগ তৈরি হচ্ছে, যা দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। ‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি,’—বলেন নাহিদ।
নাহিদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল, তা এখন পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত হচ্ছে। একটি রাজনৈতিক দল প্রকাশ্যে এবং আরেকটি গোপনে সংস্কারের বিরোধিতা করছে বলে দাবি করেন তিনি।
আসন্ন গণভোটের প্রসঙ্গে নাহিদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী জুলাই সনদের বিপক্ষে থাকা মানে পুরোনো কাঠামো আঁকড়ে ধরা। একটি শক্তি হয়তো “না”-এর পক্ষে প্রচারে নামতে পারে—এ বিষয়ে সজাগ থাকতে হবে।’
তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচনী রাজনীতি দেশের মূল ইস্যুগুলো থেকে সরে গেছে। তার মতে, নির্বাচন হওয়া উচিত অর্থনৈতিক ন্যায়বিচার, কর্মসংস্থান, গণতন্ত্রের চর্চা, সুশাসন ও সম্প্রীতির প্রশ্নে—কিন্তু দেশকে আটকে রাখা হয়েছে মুক্তিযুদ্ধ ও ধর্মীয় বিভাজনের রাজনীতিতে।
এনসিপিকে ‘নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি’ উল্লেখ করে নাহিদ বলেন, জনগণের ত্যাগ ও শহিদদের রক্তের প্রতি তারা দায়বদ্ধ, এবং মূল রাজনৈতিক প্রশ্নে কোনো আপস করবেন না। এবারের নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়—এটি রাষ্ট্র পুনর্গঠনের ভোট—বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই অভ্যুত্থানকে এনসিপি নিজের কৃতিত্ব দাবি করে—এ ধরনের অভিযোগ নাহিদ নাকচ করেন। তিনি বলেন, আন্দোলন ছিল জনগণ ও শিক্ষার্থীদের; সবাই তার সুফল ভোগ করছে—বিএনপি-জামায়াতও এর বাইরে নয়।
নাহিদ জানান, আমিরাতে আটক ২৫ জনের মধ্যে ২৪ জনের মুক্তি নিশ্চিত হয়েছে। পূর্বে ১৮৮ জনকে মুক্ত করা গেলেও শেষ দফায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামের মিছিলে আটক প্রবাসীদের পরিবারের আর্তনাদ তিনি কাছ থেকে শুনেছেন—আজ সেই পরিবারের সন্তানরা দেশে ফিরেছে, এটাই তাদের শক্তি।
সবশেষে নাহিদ ইসলাম বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং সংস্কারের জয় নিশ্চিত করতে এনসিপি পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনে মাঠে নামছে।

ডেস্ক রিপোর্ট 

























