ইউনূস সরকারকে দিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ করিয়ে জামায়াতে ইসলামী ৭৮টি আসন পেয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, আগামীতে ইউনূস সরকার আর ‘ইঞ্জিনিয়ারিং’ করতে পারবে না। এ কারণেই জামায়াতের নেতাকর্মীদের ‘মাথা খারাপ’ হয়ে গেছে।
মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে আয়োজিত র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মিরসরাই কলেজ থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নুরুল আমিন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তাদের অবস্থা এরশাদের মতো হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আরেকটি বিপ্লবের চেষ্টা করলে তা সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এবং দিদারুল আলম মিয়াজীর সঞ্চালনায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নুরুল আমিন।
পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকারও আহ্বান জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 






















