দেশের সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করতে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে জাপানের দেওয়া পাঁচটি উচ্চগতিসম্পন্ন পেট্রোল বোট। জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) কর্মসূচির আওতায় এসব বোট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি বাড়ানো, সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্ব রক্ষা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই পেট্রোল বোটগুলো।
প্রতিটি বোটের দৈর্ঘ্য ১৬ দশমিক ১৫ মিটার, প্রস্থ ৩ দশমিক ৫৩ মিটার এবং ধারণক্ষমতা ১৩ দশমিক ৫ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এসব বোট কম গভীরতার নদী, মোহনা ও উপকূলীয় সংকীর্ণ নৌপথে অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে উপযোগী।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি, জাপানি প্রতিনিধি দল এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিকতায় ২০২৩ সালের নভেম্বরে এই পাঁচটি উচ্চগতিসম্পন্ন পেট্রোল বোট সংগ্রহে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
নৌবাহিনীর আশা, নতুন সংযোজিত এসব পেট্রোল বোট দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি টহল, নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়াবে।

ডেস্ক রিপোর্ট 
























