স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্র বলছে, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে দলটি।
সূত্র অনুযায়ী, দলীয় প্রতীকে নির্বাচন না হলেও অন্তত আটটি সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি সাদিক কয়েম।
এ ছাড়া চট্টগ্রামে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে হাফিজুর রহমান, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে এ টি এম আজম খান, খুলনায় মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মোহাম্মদ আবদুল জব্বারের নাম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় সামাজিক, জনকল্যাণমূলক ও গণসংযোগমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এসব সিটিতে প্রার্থী নির্ধারণ নিয়ে দলের অভ্যন্তরীণ আলোচনা চলছে।
শুধু সিটি করপোরেশন নয়, দেশের ৩৩১টি পৌরসভা এবং অধিকাংশ উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদেও সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
জামায়াতের নেতাদের দাবি, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে কয়েকটি অঞ্চলে দলীয় প্রার্থীদের ভালো ফলের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও কাজে লাগাতে চান তারা। তাই তফসিল ঘোষণার আগেই মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















