ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীদের হয়ে বহিরাগত এনে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা মহিউদ্দিন রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, মনিরুজ্জমান নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্য পদপ্রার্থী হাসিবুর রহমান সাকিবের পক্ষে লিফলেট বিতরণ করে ভোট চাইছিলেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক ছাত্র হিসেবে পরিচয় দেন। তবে রোকেয়া হল মেয়েদের আবাসিক হল বলে উল্লেখ করার পর তিনি স্বীকার করেন যে, তিনি আসলে ঢাকা কলেজের শিক্ষার্থী। এসময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
একই পেজে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায়, কার্জন হল এলাকায় ছাত্রদল সমর্থিত প্রার্থী নিত্যনন্দ পালের পক্ষে প্রচারণায় থাকা এক শিক্ষার্থীকে মহিউদ্দিন রনি প্রশ্ন করলে তিনি সরাসরি স্বীকার করেন যে, তিনি ঢাকা কলেজের ছাত্র।

