আপনাদের ভালোবাসায় সারাজীবন বাঁধা ছিলাম, সারাজীবন থাকতে চাই—এমন আবেগঘন বার্তা দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার পেকুয়ার সদর ইউনিয়নের বাগুজারা সাঁকোরপাড় এলাকায় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের খেদমত করাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”
মঙ্গলবার মা-বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নিজের জন্মভূমি পেকুয়ায় নির্বাচনি জনসংযোগ শুরু করেন সালাহউদ্দিন। এরপর চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রথম দিনের প্রচারণায় অংশ নেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, “জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও মানুষের সেবা করার তৌফিক আল্লাহ দান করুন—এটাই প্রার্থনা করি। নির্বাচনের পুরোদমে কার্যক্রম শুরু হলে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব। তার আগেই আমার পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে একটি সালাম ঘরে ঘরে পৌঁছে দেবেন।”
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
তিনি আরও বলেন, “এই দেশ, দেশের মানুষ আর মাটি আমার প্রাণের অংশ। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চকরিয়া–পেকুয়ার উন্নয়ন পরিকল্পনা আপনাদের সঙ্গে আলোচনা করেই করা হবে।”
শিলখালী ও বারবাকিয়া বাজারে জনসংযোগ শেষে টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “১২-১৪ বছর পর আপনাদের কাছে আসতে পারলাম, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা দোয়া করেছিলেন বলেই বেঁচে আছি। আমাকে হত্যা করার উদ্দেশ্যে তখনকার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গুম করেছিল। আল্লাহ হায়াত রেখেছেন, আপনাদের দোয়ায় ফিরে এসেছি।”
আজকের প্রচারণায় উপস্থিত ছিলেন—সাবেক সংসদ সদস্য হাছিনা আহমেদ, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার মগনামা ও উজানটিয়া ইউনিয়নে গণসংযোগ করবেন সালাহউদ্দিন আহমেদ।

ডেস্ক রিপোর্ট 

























