গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিচ্ছে কালবৈশাখী ঝড়। সেইসঙ্গে হচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ। কোথাও কোথাও দেখা মিলছে শিলাবৃষ্টিরও। বজ্রপাতে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে অনেক জায়গা থেকে। এর মধ্যেই খবর, দেশজুড়ে ঝড়–বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকবে আরও অন্তত ৫ দিন; যেখানে ভারী বৃষ্টির দেখা মিলতে পারে ঢাকাসহ দেশের চার বিভাগে। এরপর কমে আসবে বৃষ্টিপাতের প্রবণতা। তবে, পাশাপাশি বাড়তে থাকবে তাপমাত্রা। হানা দিতে পারে তীব্র তাপপ্রবাহ। সেইসঙ্গে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টিরও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে একটি লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে এবং তা থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়।
পুরো মে মাস জুড়ে দেশের আবহাওয়া এমনই চরমভাবাপন্ন থাকতে পারে বলে রোববার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাস সংক্রান্ত এ পূর্বাভাস অনুযায়ী, চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১–২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেইসঙ্গে এ মাসে দেশে অন্তত একটি তীব্র তাপপ্রবাহ (৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) বয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে আরো বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫–৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২–৩ দিন আবার হানা দিতে পারে তীব্র কালবৈশাখী ঝড়।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, এ মাসে দেশে ১ থেকে ৩ টি মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) থেকে মাঝারি (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) এবং ১টি তীব্র তাপপ্রবাহ (৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) বয়ে যেতে পারে। নদ–নদীর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দেশের প্রধান নদ–নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে, বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। এদিকে রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সোমবার (৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ডেস্ক রিপোর্ট 























