মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুখ সামলান, তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।’
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নুতন আন্ডারচর, আড়িয়াল খাঁ নদীর তীররক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরও বলেন, ‘জুলাই আন্দোলন বাংলাদেশের সব মানুষের। এমনও মা আছেন, যিনি দুটি সন্তান হারিয়েছেন, তাদের কষ্ট অনেক। যারা গুম, খুন হয়েছে তাদের কষ্টও অনেক। এ দেশের প্রতি তাদের ভালোবাসা আছে। এ সব পরিবারের প্রতি আমাদেরও ভালোবাসা আছে। আমরাও তাদের পাশে, জুলাই শহিদ পরিবারের পাশে থাকতে চাই। ১৭ বছরে গুম, খুন হওয়া সব পরিবারের পাশে থাকতে চাই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে শান্তি এনে দিতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 


















