দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিচারব্যবস্থা শক্তিশালী না হলে সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হবে।
শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয়। অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। এতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, এই স্থিতিশীলতাকে টেকসই করতে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, বহু ধর্ম ও সংস্কৃতির সহাবস্থানের যে ঐতিহ্য বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে, তা ধরে রাখতে হবে। সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তারা মনে করেন। এর ফলে সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার কার্যকর ব্যবস্থা তৈরি হবে।
সরকারে কিংবা বিরোধী দলে—যে অবস্থানেই থাকুক, সব রাজনৈতিক দলের দায়িত্ব দেশের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

ডেস্ক রিপোর্ট 





















